সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে তিনটি পরিত্যক্ত টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-৯। গত ৫ আগস্টের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া এসব টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করা হলেও এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার র্যাব-৯ সদর কোম্পানির একটি দল দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অবস্থান নেয়। এ সময় ফেঞ্চুগঞ্জ রোডস্থ সোনারগাঁও আবাসিক এলাকার একটি পরিত্যক্ত স্থানে অস্ত্রের মজুত থাকতে পারে বলে খবর পায় তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর থেকে একটি শপিং ব্যাগ উদ্ধার করে র্যাব। পরে ব্যাগটি খুলে তিনটি অবিস্ফোরিত টিয়ারগ্যাস গ্রেনেড পাওয়া যায়।
র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত এসব টিয়ারগ্যাস গ্রেনেড বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা থেকে লুট করা হয়েছিল। তবে অভিযানের সময় পরিত্যক্ত স্থানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে র্যাবের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।