গাইবান্ধার পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রোস্তম আলী মন্ডলের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় দায়ের করা মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বাপ্পি হোসেন (২২), পিতা—রাজা মিয়া এবং শহিদ মিয়া (২২), পিতা—সবুর আলী। তারা উভয়েই মামলার অন্যতম আসামি।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩০ জুন ২০২৬ পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কে বা কারা উসকানি দিয়ে একদল যুবক পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসকক্ষে প্রবেশ করে দীর্ঘ সময় ধরে মব সৃষ্টি করে হামলা চালায়। এ সময় বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রধান শিক্ষককে উদ্ধার করে। পরবর্তীতে প্রধান শিক্ষক গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত শুরু হয়।
তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ মামলার দুই এজাহারভুক্ত আসামি বাপ্পি হোসেন ও শহিদ মিয়াকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর (কোর্টে চালান) প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।