“মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে আগামী ৮ অক্টোবর থেকে সারাদেশে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আসছে। মা ইলিশ সংরক্ষণ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, ফুলছড়ি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মর্তুজা, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাশেদ এবং গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস উজ্জামান মোনা। এছাড়া টাস্কফোর্স কমিটির বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।
সভায় জানানো হয়, মা ইলিশের প্রজনন নিরাপদ করতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ সুরক্ষা অভিযান পরিচালিত হবে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী এই ২২ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদকরণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে গাইবান্ধা জেলার সকল নদ-নদীতেও ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের জন্য ভিজিএফ চাল বিতরণ এবং জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় ওই সভায়।