গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়।
বুধবার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার মাদকদ্রব্য উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ সামিউল (২৮)-কে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। অপর অভিযানে পৌর সভার বুজরুক বোয়ালিয়া গ্রামের মৃত নেদা শেখের ছেলে রফিকুল ইসলাম (৭০)-কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তামশিদ ইরাম খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।