গাইবান্ধা সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আকরাম হোসেন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার শাহাপাড়া এলাকায় তার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার পরিহিত প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় আকরাম হোসেনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।
এ ছাড়া একই অভিযানে ধানগড়া গ্রামের শ্রী মানিক চন্দ্র দাসকে কথিত ইয়াবা সেবনের সময় আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন করে আদালতে পাঠানো হয়েছে।