গাইবান্ধা সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শ্রী মিলন চৌধুরী (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩।
সোমবার সদর থানার গোঘাট (মাঝিপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৩ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোঘাট (মাঝিপাড়া) গ্রামে অভিযান চালায়। এ সময় মিলন চৌধুরীর বাড়ির সামনে নদীর পাড়ের ভাঙনরোধী ব্লকের ওপর তার দেহ তল্লাশি করা হয়।
তল্লাশিকালে পাঁচটি কালো রঙের এয়ারটাইট পলিপ্যাকে রাখা মোট ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে মিলন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিলন চৌধুরী সদর থানাধীন গোঘাট (মাঝিপাড়া) গ্রামের শ্রী মেহেলাল চৌধুরীর ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মিলন চৌধুরী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে তার সঙ্গে মাদক কারবারে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
র্যাব-১৩ জানায়, এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে এবং উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।