গাইবান্ধার সাদুল্লাপুরে মাহতুফা ইউলিপ (৫০) নামে ইন্দোনেশিয়ার এক নাগরিক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার নলডাঙ্গা বাজারে অবস্থিত নিজস্ব ‘সিঙ্গাপুর মার্কেট’-এর তিনতলা ভবনের একটি শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাহতুফা ইউলিপ নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান মিজানের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে নিজ শয়নকক্ষে তার মৃত্যু হয়। তিনি হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে চিকিৎসার জন্য তাকে রংপুরে নেওয়া হয়েছিল।
মৃতার স্বামীর বড় ভাই রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মাহতুফা অসুস্থ ছিলেন। পরিবারের ধারণা, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে তিনি বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
সাদুল্লাপুর থানার চলতি দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও এসআই আবু তালেব বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, মিজানুর রহমান ও মাহতুফা ইউলিপ একসময় সিঙ্গাপুরে একসঙ্গে চাকরি করতেন। সেখানেই তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় ১৫-১৬ বছর আগে তারা রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে করেন। তাদের সংসারে ৭ ও ১০ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে।
মৃত্যুর ঘটনায় স্বামীর পরিবার কিংবা মাহতুফার নিজ পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি পাওয়া যায়নি।