ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধ এবং জনসাধারণের জন্য স্বস্তিদায়ক ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে গাইবান্ধায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
শনিবার সকালে গাইবান্ধা সদর উপজেলা চত্বরে এ অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান।
অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। জেলা প্রশাসক নিজেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। পরে সদর উপজেলা চত্বরে একটি চেরি ফুলের চারা রোপণ করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা মানুষের শারীরিক ও মানসিক প্রশান্তি নিশ্চিত করার পাশাপাশি একটি স্বস্তিদায়ক পরিবেশ গড়ে তোলে। একই সঙ্গে পরিচ্ছন্নতা একটি জেলার ভাবমূর্তি উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ (নেজারত শাখা), সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত তাসনীম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া জান্নাতসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
জেলা প্রশাসনের এমন উদ্যোগে শহর ও উপজেলা এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।