গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া রেলওয়ে স্টেশনে চলন্ত আন্তঃনগর ট্রেনের ধাক্কায় দীপঙ্কর (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার কামারপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপঙ্কর দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা গ্রামের ভুট্টু রামের ছেলে।
কামারপাড়া রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার রফিক জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কামারপাড়া স্টেশনে দোলনচাঁপা আন্তঃনগর ট্রেনের ক্রসিং চলছিল। এ সময় দীপঙ্কর অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার চেষ্টা করলে করতোয়া ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে গাইবান্ধার বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব গণি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দীপঙ্কর দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। জীবিকার তাগিদে আয়-উপার্জনের জন্য তিনি নিজ বাড়ি থেকে দোলনচাঁপা ট্রেনে করে বালাসীঘাট হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে কামারপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন পরিবর্তনের সময় এ দুর্ঘটনা ঘটে।
বোনারপাড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ বা দাবি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।