চলন্ত মোটরসাইকেল চালিয়ে নিজের ব্লগে দেয়ার জন্য, ভিডিও করতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শাওন(৩০)নামের এক কনটেন্ট ক্রিয়েটার মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার গোবিন্দগঞ্জ -রাজা বিরাট সড়কের সূর্যাগাড়ী কোল্ডষ্টোরেজ, ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দু’ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী শাওন, মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়। তিনি গেল কয়েক মাসপূর্বে প্রবাস থেকে এসে বিবাহ করেন। তার এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পাচ্ছেন না পরিবার, চলছে শোকের মাতম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
আরও জানা যায়, শাওন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতেন। বিশেষ করে মোটরসাইকেল চালানোর সময় অন্যদের মাধ্যমে ভিডিও ধারণ করে সেগুলো নিজের ফেসবুক পেজে প্রকাশ করতেন। এসব ভিডিওতে নিয়মিত ব্যাপক ভিউ ও দর্শকের সাড়া মিলত।
প্রতিদিনের মতো সোমবার সকালে মোটরসাইকেল নিয়ে ভিডিও তৈরির সময়ও তিনি ঝুঁকিপূর্ণভাবে মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দেন। কিছুদূর যাওয়ার পর হঠাৎ মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে শাওন গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত শাওনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
স্থানীয় বাসিন্দা ওমর ফারুক রনি বলেন, শাওন চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাতেন। এসব ভিডিও তাঁর ফেসবুক পেজে প্রচুর ভিউ হতো। কিন্তু একইভাবে ভিডিও করতে গিয়ে এবার মর্মান্তিকভাবে তাঁর প্রাণ চলে গেল। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরে কনটেন্ট তৈরি শুরু করেছিলেন। প্রায় পাঁচ মাস আগে তাঁর বিয়ে হয়েছিল।
শাওনের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর নিজ এলাকা দাড়িদহ সরদারপাড়া ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, বন্ধু ও পরিচিতজনদের মধ্যে নেমে আসে গভীর শোক। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের খবর দিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।