গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের চরকতলা বাজারে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জুয়ারিকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ৩ হাজার ৯১০ টাকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে গোবিন্দগঞ্জ থানার একটি বিশেষ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৬ নম্বর দরবস্ত ইউনিয়নের চরকতলা বাজারে শফিকুল ইসলামের একটি টেইলার্স দোকানে টাকার বিনিময়ে জুয়ার আসর বসেছে। এমন তথ্যের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৯ জনকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—দরবস্ত ইউনিয়নের মিরুপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ইসমাইল হোসেন, মৃত আহম্মদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক, মৃত আব্দুল আজিজের ছেলে আনিছুর রহমান, মৃত ময়জাল হকের ছেলে রফিকুল ইসলাম, গোবিন্দপুর নলডাঙ্গা গ্রামের শেখ হযরত আলীর ছেলে আলমগীর কবির, মারিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে রাজা মিয়া, মৃত ওমর আলী প্রধানের ছেলে আনিছুর রহমান, বাদশা মিয়ার ছেলে শাহারুল ইসলাম এবং মৃত কোরবান আলী বাদশার ছেলে মো. সামিউল আলিম খোকন।
অভিযানে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি নগদ ৩ হাজার ৯১০ টাকা জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দকৃত আলামত থানায় সংরক্ষণ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।