গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ বছরের এক শিশুকে পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জিহাদ মন্ডল (২০) পলাতক রয়েছে।
খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শিশুটি বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া গজিয়াপাড়া গ্রামের মুছা মন্ডলের ছেলে জিহাদ মন্ডল বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশীর ৪ বছরের শিশুকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নেয়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
এদিকে স্বজনরা শিশুটিকে খোঁজাখুঁজির একপর্যায়ে জিহাদের ঘর থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে। খবর পেয়ে রাতেই গোবিন্দগঞ্জ থানার এসআই আহসান হাবীবের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, “এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”