গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৮ পিস ইয়াবাসহ শাকিল মিয়া ওরফে শাকিল খান (২৬) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা।
গ্রেফতার শাকিল মিয়া ওরফে শাকিল খান উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম সীচা (হাজীপাড়া) গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে। তিনি এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শাকিল। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মো. নওশের আলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, “মাদকবিরোধী অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে শাকিল মিয়াকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”