গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সিআইডি পুলিশের পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, ১৬ জুলাই ভোরে সাদুল্লাপুর উপজেলার ৫ নম্বর ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে খবর পেয়ে ডিবির একটি দল তার ব্যক্তিগত কার্যালয়ে পৌঁছে জনতার হাতে আটক তিন যুবককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন মো. নাঈম (২০), রাকিবুল ইসলাম (১৮) ও শেখ শাদিউল ইসলাম (২০)। তাদের কাছ থেকে একটি ভুয়া সিআইডি অফিস আদেশ, দুটি ওয়াকিটকি, পুলিশ লেখা মাস্ক, গ্লাভস, সার্জিক্যাল ব্লেড, সোয়াব কটন, স্ট্যাম্প প্যাড, সিআইডি পরিচয়ে ব্যবহৃত পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি প্রতারক চক্রের কাছ থেকে বিদেশি ডলার কেনার প্রলোভনে জড়িয়ে পরে পরিকল্পিতভাবে সিআইডি পরিচয়ে অভিযান চালানোর নাটক সাজিয়ে ডলারভর্তি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। তবে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় প্রতারক চক্রের সদস্য ও স্থানীয় লোকজন তাদের আটক করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে যায়।
এ ঘটনায় সাদুল্লাপুর থানায় দণ্ডবিধির ১৭০, ১৭১, ৪১৯, ৪৪৮ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।