গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামীর দাফনের এক ঘণ্টা পর মারা গেলেন স্ত্রী। মঙ্গলবার উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ (মতিনবাজার) গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওই গ্রামের মৃত আব্দুল করিম খানের ছেলে কৃষক আব্দুল জলিল (৭০) এবং তার স্ত্রী আমিনা বেগম (৬০)। গত ২২ সেপ্টেম্বর স্ত্রী আমিনা বেগম স্ট্রোকে আক্রান্ত হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর স্বামী আব্দুল জলিলও স্ট্রোক করেন।
পরিবার সূত্রে জানা যায়, চিকিৎসা শেষে আব্দুল জলিলকে বাড়িতে আনা হয়। সোমবার রাত ১২টার দিকে তিনি মারা যান। মঙ্গলবার দুপুরে জানাজা শেষে বিকেল ৪টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর মাত্র এক ঘণ্টা পর বিকেল ৫টার দিকে স্ত্রী আমিনা বেগমও মারা যান। পরে বাদ মাগরিব জানাজা শেষে তাকেও একই কবরস্থানে দাফন করা হয়।
নিহতদের ছেলে আলম মিয়া বলেন, “আমার বাবা-মায়ের মধ্যে অনেক মিল-মহব্বত ছিল। এক দিনেই দুজনকে হারিয়ে আমরা এতিম হয়ে গেলাম।”
সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, একই দিনে স্বামী-স্ত্রীর এমন অল্প সময়ের ব্যবধানে মৃত্যুর ঘটনা খুবই বেদনাদায়ক। তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।