গাইবান্ধা ও লালমনিরহাটে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫ বোতল এসকাফ সিরাপ ও ৪ বোতল বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩), রংপুর।
রোববার জেলার পলাশবাড়ী ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, রোববার সকাল ৬টা ২০ মিনিটে সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী পৌরসভার বগুড়া-রংপুর মহাসড়কের আতিয়ার হাজীর বিল্ডিংয়ের সামনে চেকপোস্ট স্থাপন করে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘শানে-খোদা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বাসযাত্রী মো. ছামিউল হক (৩৮)কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ছামিউল হক গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা (মণ্ডলপাড়া) এলাকার মো. হবিবর রহমানের ছেলে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টার দিকে সদর কোম্পানি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানি গ্রামে অভিযান চালায়। অভিযানে মো. ফয়জার আলীর ছেলে মো. খাইরুল ইসলাম (২২) এর বাড়ির সামনে ইটের খোয়ার ভেতর থেকে ৩৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পরে রাত সাড়ে ৮টার দিকে একই আভিযানিক দল একই গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. খাইরুল ইসলাম (৪৮) এর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বসতঘরের খাটের নিচ থেকে ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৩ জানায়, এ ঘটনায় সংস্থাটির পক্ষ থেকে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।