গাইবান্ধায় বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
গ্রেফতার ব্যক্তির নাম আফজাল খান ওরফে মমিন (৫৫)। তিনি গাইবান্ধা পৌরসভার দক্ষিণ ধানঘড়া গ্রামের মৃত জান্নাত খানের ছেলে।
রোববার গাইবান্ধা পৌরসভার বন বিভাগ রোডের দক্ষিণ ধানঘড়া এলাকার ‘ভাই বোন ভিলা’ নামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, গ্রেফতার আফজাল খান বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার নাম, পদবি ও ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিলেন। রংপুর, ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ দাবি ও গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া বিভিন্ন ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে। বিষয়টি জানতে পেরে এসআরবি গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং প্রতারক চক্রটিকে শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় রোববার রাতে এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের সিপিসি-৩-এর একটি আভিযানিক দল ‘ভাই বোন ভিলা’য় অভিযান চালায়। অভিযানে একটি কক্ষ থেকে প্রতারণার মূলহোতা হিসেবে অভিযুক্ত মো. আফজাল খান ওরফে মমিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়।
এ ঘটনায় এসআরবি-১৩-এর পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।