শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে গাইবান্ধা জেলার সকল পূজামণ্ডপে নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন।
সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারসহ দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এর মধ্যে পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ ও তাদের পরিচয়পত্র নিশ্চিত করা, CCTV/IP ক্যামেরা স্থাপন, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা রাখা এবং নারী-পুরুষের পৃথক প্রবেশ ও বাহিরের পথ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া শব্দযন্ত্র ও আতশবাজির ব্যবহার নিয়ন্ত্রণ, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা এবং প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা ও যানবাহন ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করা হয়।
সভায় কোনো ধরনের গুজব বা অপপ্রচার, সন্দেহজনক ব্যক্তি কিংবা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ডি.এম. হাসিবুল বেনজীর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) মোঃ আরাফাত হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গাইবান্ধা জেলার সাতটি উপজেলার পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সকলের সম্মিলিত সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।