গাইবান্ধায় অপহৃত নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে রংপুর মহানগরীর কাতলা কাছনা (বোতলা পাড়া) এলাকা থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ ঘটনায় অপহরণ মামলার প্রধান অভিযুক্ত মোঃ টিপু মিয়াসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত অন্যরা হলেন—মোঃ আলী আকবর (৫০), মোঃ বিপুল মিয়া (২৭) ও মোঃ বেলাল মিয়া (৩০)। তারা সবাই গাইবান্ধার বারবলদিয়া (নতুন বন্দর) এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে টিপু মিয়া তাকে প্রেমের প্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি কিশোরী তার পরিবারকে জানালে তার বাবা টিপু মিয়ার পরিবারকে বিষয়টি অবহিত করেন।
পরে গত ১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার সময় স্থানীয় রুপার বাজার এলাকা থেকে টিপু মিয়া জোরপূর্বক সিএনজিতে করে ওই কিশোরীকে নিয়ে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় কিশোরীর বাবা ১৬ সেপ্টেম্বর ২০২৬ গাইবান্ধা সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার নম্বর-৩৫।
মামলার পর ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর রাত ২টা ৪৫ মিনিটে সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল বারবলদিয়া (নতুন বন্দর) এলাকায় অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি আলী আকবর, ৪ নম্বর আসামি বিপুল মিয়া ও ৫ নম্বর আসামি বেলাল মিয়াকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৬টা ৩০ মিনিটে রংপুর মহানগরীর কাতলা কাছনা (বোতলা পাড়া) এলাকায় মোঃ সুমনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় এবং গ্রেফতার করা হয় মামলার প্রধান অভিযুক্ত টিপু মিয়াকে।
এসআরবি-১৩ জানিয়েছে, উদ্ধার হওয়া কিশোরী ও গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণ, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।