গাইবান্ধা সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ জয়নব বিবি (৫৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
শনিবার সদর থানার দারিয়াপুর বাজার সংলগ্ন মিঞা ম্যানশন মার্কেটের পশ্চিম পাশে কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জয়নব বিবি দিনাজপুর জেলার হাকিমপুর থানার বৈগ্রাম এলাকার মৃত জামালের মেয়ে।
এসআরবি-১৩ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় নারী সদস্য দিয়ে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআরবি-১৩ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।