গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আনারুল ইসলামকে (৪০) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়ার আরিফ খাঁ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।
আটক আনারুল ইসলাম ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেন দুলুর ছেলে।
পুলিশ জানায়, রামচন্দ্রপুর ইউনিয়নের বাসুদেবপুর এলাকার চিহ্নিত জুয়া পরিচালনাকারী সুজন ও শাহ আলমের বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ জুয়ার আসর চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল সেখানে আকস্মিক অভিযান চালায়। জুয়ার আসর থেকে আনারুলকে আটক করা হয়।
ওসি আব্দুল মোত্তালিব সরকার বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে জুয়ার এই অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। আইন অমান্যকারী ও অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেয়া হবে না। আনারুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।