গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগায় বহুল প্রতীক্ষিত বাফার (সার) গুদাম নির্মাণ প্রকল্পের কাজ সোমবার সকাল ১১টায় শুভ উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় প্রান্তিক চাষিদের দোরগোড়ায় সঠিক সময়ে সার ও কৃষি উপকরণ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই মেগা প্রকল্পটির যাত্রা শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার আশরাফুল আলম, জাতীয়তাবাদী তাতীদলের কেন্দ্রীয় সদস্য ও বিএনপি মনোনীত ধোপাডাংগা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী রাশেদুজ্জামান লিটন, ধোপাডাংগা ইউনিয়ন শাখা বিএনপি’র আহ্বায়ক তছলিম উদ্দিন বাবলু, যুগ্ন আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব শাবলু মণ্ডল, মহিলা দলের সভাপতি রোজিনা আক্তার, বিসিআইসি সার ডিলার আইয়ুব আলী। এছাড়াও স্থানীয় সুধী সমাজ এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
এ সময় বক্তাগণ তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমাদের সুন্দরগঞ্জ উপজেলা কৃষিপ্রধান অঞ্চল। দীর্ঘদিন ধরে সঠিক সময়ে সার না পাওয়ার যে ভোগান্তি কৃষকদের পোহাতে হতো, এই বাফার গুদামটি নির্মাণ হলে সেই কষ্ট চিরতরে দূর হবে। এটি আমাদের এলাকার কৃষিক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনবে। আমরা সরকারের এই উন্নয়নমূলক উদ্যোগকে সাধুবাদ জানাই।”
প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে কথা বলেন বাফার গুদাম নির্মাণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আশরাফুল আলম। তিনি জানান, “আধুনিক সব সুযোগ-সুবিধা সম্বলিত এই গুদামটি অত্যন্ত মানসম্মতভাবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। সারের গুণগত মান বজায় রাখতে এখানে অত্যাধুনিক ময়েশ্চার কন্ট্রোল ও পর্যাপ্ত ধারণক্ষমতার ব্যবস্থা রাখা হচ্ছে। আশা করছি, নির্মাণ কাজ শেষ হলে এই অঞ্চলের সার সংকটের স্থায়ী সমাধান হবে এবং আপদকালীন সময়েও বাফার স্টক বজায় রাখা সম্ভব হবে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বাফার গুদামটি চালু হলে শুধু সুন্দরগঞ্জ নয়, আশেপাশের কয়েকটি উপজেলার কৃষকরাও সরাসরি উপকৃত হবেন এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক চিত্রে ইতিবাচক প্রভাব পড়বে।
উদ্বোধন শেষে প্রকল্প কাজের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।