গাইবান্ধায় সদর উপজেলার বল্লমঝাড়ে অভিযান চালিয়ে ‘ক্যাসিনো সম্রাট’ শুভজিত চন্দ্র সরকার ওরফে শিবু (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কক্ষ তল্লাশি করে নগদ ৩ লাখ ৪২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, একটি ই-পাসপোর্ট, একটি এনআইডি কার্ড ও দুটি ব্লুটুথ স্পিকার জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের তালুক মন্দুয়ার গ্রামের কান্তি ভূর্ষন সরকারের ছেলে শুভজিত চন্দ্র সরকার ওরফে শিবুকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয়।
পরে তার কক্ষ তল্লাশি করে বিভিন্ন নোটের মোট ৩ লাখ ৪২ হাজার টাকা, একটি স্যামসাং স্মার্টফোন, একটি বাটন ফোন, একটি ই-পাসপোর্ট, একটি এনআইডি কার্ড ও দুটি ব্লুটুথ স্পিকার জব্দ করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে শিবু অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করলেও তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি পাওয়া যায়। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, অমিত ও শিমুল লক্ষ্মীপুর এলাকায় এবং সাগর ও আনন্দ তুলশীঘাট এলাকায় অবস্থান করে শিবুর অনলাইন কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করতেন।
তাদের আটক করতে অভিযান চালানো হলেও শিবুর আটকের খবর পেয়ে অমিত ও শিমুল মোটরসাইকেলে করে মোবাইল ফোনসহ রংপুরের দিকে চলে যান। অপরদিকে সাগর ও আনন্দও মোবাইল ফোনসহ পালিয়ে যান।
আটক শিবুকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা মোবাইল ফোনগুলোতে প্রাথমিকভাবে অনলাইন অপরাধের আলামত না পাওয়ায় সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ফরেনসিক পরীক্ষায় অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় নিয়মিত মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।