গাইবান্ধা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী অভিযান জোরদার এবং বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোত্তালিব সরকারকে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে ডিবি ওসি আব্দুল মোত্তালিব সরকারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।
জানা যায়, গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারিদের গ্রেপ্তার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, অপরাধ দমনে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনার ক্ষেত্রে ডিবির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক সাফল্য অর্জিত হয়েছে।
সম্মাননা প্রদানকালে পুলিশ সুপার মো. জসিম উদ্দিন ডিবি পুলিশের এ ধরনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এদিকে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট পাওয়ায় ডিবি ওসি আব্দুল মোত্তালিব সরকার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ডিবি পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।