গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ গ্রাম শুকনা গাঁজাসহ সবুজ আকন্দ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় একটি বাড়ির আঙিনা থেকে দুটি কাঁচা গাঁজার গাছ, গাঁজা সেবনের সরঞ্জাম, গাঁজা মাপার যন্ত্র ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার ৪ নম্বর সাহাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাউলারপাড়া গ্রামে অভিযান চালায়।
অভিযানকালে পলাতক আসামি মোঃ সাদেকুল ইসলাম ওরফে সাদেকের বসতবাড়ির পশ্চিম দুয়ারী শয়নকক্ষে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের সময় সবুজ আকন্দকে আটক করা হয়। পরে তার পরিহিত লুঙ্গির সামনের কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে সবুজ জানান, সাদেক দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত এবং মাদক সেবনের যোগানদাতা হিসেবে কাজ করেন। পরে সবুজের দেখানো মতে সাদেকের বাড়ির আঙিনায় অভিযান চালিয়ে দুটি কাঁচা গাঁজার গাছসহ বিভিন্ন মাদক সেবন ও মাপার সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার সবুজের বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা এবং পলাতক সাদেকের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পলাতক সাদেককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।