গাইবান্ধা সদর হাসপাতালের সাধারণ রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে জেলা পরিষদের উদ্যোগে একটি অত্যাধুনিক ইসিজি মেশিন প্রদান করা হয়েছে।
মঙ্গলবার হাসপাতাল মিলনায়তনে ইসিজি মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
এ সময় প্রধান অতিথি বলেন, রোগীসেবা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকারমূলক কাজ। হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়াতে যেসব সরঞ্জাম ও লোকবলের সংকট রয়েছে, তা দ্রুত নিরসনের উদ্যোগ নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ ছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, হাসপাতালের চিকিৎসাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইসিজি মেশিন হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে সংসদ সদস্য মমতাজ আলো হাসপাতালের নতুন ভবন চত্বরে একটি ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।