গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ ইয়াবা ট্যাবলেট সেবনের দায়ে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া গ্রামের আব্দুল ওয়ারেছের ছেলে তোরা আলী (২৬) এবং আব্দুল কুদ্দুসের ছেলে তারা মিয়া (২৬)-এর বিরুদ্ধে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট সেবনের অভিযোগ প্রমাণিত হয়। এ অপরাধে আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।