গাইবান্ধার মাস্টারপাড়ায় এলাকায় ঔষধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি ফার্মেসিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার জেলা কার্যালয়, ঔষধ প্রশাসন, গাইবান্ধা এবং জেলা প্রশাসন, গাইবান্ধার সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাস্টারপাড়া এলাকার চারটি ফার্মেসি পরিদর্শন করা হয়।
অভিযান চলাকালে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের প্রমাণ পাওয়ায় ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় চারটি ফার্মেসিকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ঔষধ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। একই সঙ্গে ফার্মেসি মালিকদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি বা মজুদ না রাখার জন্য সতর্ক করা হয়েছে।
জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।