সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
/ ১৩
Time View
Update :
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Share
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কাকড়ার গাড়িতে লোডিংয়ের ঘটনায় সুমন (১৯) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস এবং বালু পরিবহনে ব্যবহৃত কাকড়ার গাড়ির ব্যাটারি জব্দ করা হয়।
শনিবার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের আখ কচুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রতন কুমার দত্ত।
দণ্ডপ্রাপ্ত সুমন কচুয়া বাজার এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম শফিকুল। অভিযান চলাকালে নদী থেকে বালু উত্তোলন করে কাকড়ার গাড়িতে লোডিংয়ের অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দায়ের করা মামলায় তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করার পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত কাকড়ার গাড়ির ব্যাটারি জব্দ করা হয়।
স্থানীয় সচেতন মহলের মতে, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, নদীতীরবর্তী জনবসতি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। নদী ও পরিবেশের সুরক্ষায় এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি এবং আইনানুগ অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তাঁরা।