গাইবান্ধার সুন্দরগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় মোঃ হাসিবুল হাসান খান ওরফে শান্ত (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
বুধবার উপজেলার পশ্চিম শিবরাম গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাসিবুল হাসান খান সুন্দরগঞ্জ থানার পশ্চিম শিবরাম গ্রামের আবুল কাশেম খানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর সঙ্গে হাসিবুলের বৈবাহিক সম্পর্ক ছিল। পরে তালাকের মাধ্যমে তাদের দাম্পত্য সম্পর্কের অবসান হলে ওই নারী বাবার বাড়িতে বসবাস শুরু করেন। তবে বিচ্ছেদের পরও অভিযুক্ত ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ১৫ জুন ২০২৬ তারিখে ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তাঁর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন হাসিবুল। একপর্যায়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যারও চেষ্টা করা হয়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সুন্দরগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১৩।
এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের সিপিসি-৩-এর একটি আভিযানিক দল সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৩।
এসআরবি-১৩ জানায়, অপহরণ, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।