গাইবান্ধা সদর উপজেলার পলাশপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে গাইবান্ধা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পলাশপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় সুমন মিয়া (৩৩) ও মো. আরিফুল (৩২) নামে দুইজনকে আটক করা হয়।
আটক সুমন মিয়ার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো কমলা রঙের ৫১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। অপর আটক আরিফুলের পরিহিত গ্যাভার্ডিন প্যান্টের সামনের বাম পকেট থেকে একই ধরনের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, তারা মাদকদ্রব্য সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।
আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।